২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের কবলে বরযাত্রার গাড়ি, র‌্যাবের গুলিতে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে বরযাত্রীবাহী একটি গাড়ি ডাকাতের কবলে পড়ার পর র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2018, 09:43 AM

Updated : 08 Apr 2022, 05:57 PM

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মিমতানুর রহমান জানান, শুক্রবার ভোর রাতে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা ব্রিজে এ ঘটনা ঘটে।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র এবং লুট করা মালামাল উদ্ধারের কথা জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উপজেলার বড় কুমিরা এলাকায় বরযাত্রীবাহী একটি গাড়ি সাড়ে ৩টার দিকে ডাকাতের কবলে পড়ে। মালামাল লুট করে ডাকাত দল পালিয়ে যাওয়ার পর ওই গাড়ির যাত্রীরা র‌্যাবের টহলদলকে বিষয়টি জানায়।

“ডাকাতরা বড় কুমিরা ব্রিজের নিচে মালামাল ভাগাভাগির সময় র‌্যাবের টহল দল সেখানে উপস্থিত হয়। তখন ডাকাতরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।”

কিছু সময় গোলাগুলি চলার পর ডাকাতরা পালিয়ে যাওয়ার পর সেখানে আনুমানিক ৩৫ বছর বয়সী একজনের লাশ পাওয়া যায় বলে জানান মিমতানুর।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি এলজি ও লুট করা কয়েকটি স্বর্ণের চেইন, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওই বরযাত্রীর দল চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আমানবাজার থেকে লাকসাম যাচ্ছিল বলে র‌্যাব সদস্যরা জানান। তবে তাদের বিস্তারিত পরিচয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।