চট্টগ্রামে মেলায় ৩৬৩ কোটি টাকার প্লট-ফ্ল্যাট বুকিং
চট্টগ্রামে রিহ্যাবের চার দিনের আবাসন মেলায় ৩৬৩ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও প্লটের বুকিং হয়েছে।
মেলার সমাপনী উপলক্ষে রোববার রাতে চট্টগ্রামের র্যাডিসন হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, মেলায় চার দিনে ১১ হাজার ৩০০ দর্শনার্থী-ক্রেতা মেলায় এসেছেন।
“এবারের মেলায় ফ্ল্যাট ও প্লট বিক্রি ও বুকিং হয়েছে মোট ৩৬৩ কোটি টাকার। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৫০০ কোটি টাকার।”
তিনি বলেন, মেলা চলাকালে সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক বন্ধ ছিল। তাই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য যেসব অফার দিয়েছে, সেগুলো আগামী এক সপ্তাহ চালু থাকবে।
“আগামী সাত দিন ওই সব কোম্পানির নিজস্ব অফিসে এসব অফারের সুবিধা চালু থাকবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারমান মোহাম্মদ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির কনভেনর এএসএম আবদুল গাফফার মিয়াজী, সদস্য হাজী দেলোয়ার হোসেন প্রমুখ।
