২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও নিরাপত্তায় কড়াকড়ি

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে চট্টগ্রামেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 08:31 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

খালেদার মামলার রায় ঘিরে চট্টগ্রামে প্রস্তুত পুলিশ

বুধবার বিকাল থেকে নগর ও জেলার বিভিন্ন স্থানে পুলিশের টহলের পাশাপাশি চলছে তল্লাশি।

পরিস্থিতির প্রয়োজন বৃহস্পতিবার বিজিবিও নামানো হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার ঢাকার জজ আদালতে রায় হবে।

এই রায়কে ঘিরে জনমনে উদ্বেগ থাকায় ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তায় কড়াকড়ি চলছে। রাজধানী ছাড়াও কয়েকটি জেলায় নামানো হয়েছে বিজিবি সদস্যদের।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার অধীনে ১৭৩ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে থানাভিত্তিক শতাধিক স্পট নির্ধারণ করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হবে।

জেলার বাইরে থেকেও ৪০০ পুলিশ ফোর্স ও কর্মকর্তা আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সব অফিসারদের মাঠে থাকার নির্দেশনা আছে। সে অনুযায়ী বিকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশ টহল শুরু হয়েছে।”

এছাড়াও মহাসড়ক ও উপজেলাগুলোর বিভিন্ন স্থানে তল্লাশি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রেজাউল মাসুদ।

এদিকে চট্টগ্রাম নগরীতেও চলছে পুলিশের টহল ও তল্লাশি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) জসীম উদ্দিন জানান, নগরীতে পুলিশের টহল শুরু হয়েছে। পাশাপাশি তল্লাশিচৌকিও রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর থেকে থানা পুলিশের বাইরে অতিরিক্ত আরও দুই হাজার ৭০০ ফোর্স মোতায়েন করা হবে নগরীতে।

রাষ্ট্রায়ত্ত তিনটি তেলস্থাপনাসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তার জন্য সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নগর পুলিশের পক্ষ থেকে। 

নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই সড়কে কোনো সাধারণ যানবাহন চলবে না।

২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ জাতীয় সংসদ নির্বাচনের পরের বছর ওই সড়কে রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনার তেল ডিপোতে ইসলামী ছাত্রশিবিরের হামলার পরিকল্পনার কথা জানিয়েছিল পুলিশ।

পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে র‌্যাবও।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, সাধারণের চেয়ে তাদের অতিরিক্ত টহলদল মাঠে নামানো হয়েছে।

নগরী ও জেলা মিলিয়ে র‌্যাবের ৪৪টি দল রাস্তায় টহলে রয়েছে বলে জানান তিনি।