২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২

পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 06:02 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

বুধবার বন্দরনগরীর স্টেশন রোড ও ধনিয়ালাপাড়া থেকে আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ পরিচালক শামীম আহমেদ জানান।

গ্রেপ্তার রোহিঙ্গা মোহাম্মদ উল্লাহ (২০) উখিয়া বালুখালী ক্যাম্পে থাকেন। আর মোয়াজ্জেমুল হক (৪৯) নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা কাপ্তাই রাস্তার মাথার বাসিন্দা।

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে স্টেশন রোড এলাকা থেকে মোয়াজেম্মুল হক এবং ধনিয়ালাপাড়া থেকে মোহাম্মদ উল্লাহকে আটক করেন তারা।

“পরে তারা জিজ্ঞাসাবাদে লুকিয়ে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। মোয়াজ্জেমুলের কাছ থেকে দুই হাজার এবং মোহাম্মদ উল্লাহর কাছ থেকে এক হাজার ৮০০ ইয়াবা বের করা হয়।”

শামীম বলেন, ওই দুইজনই কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন। সেগুলো নির্দিষ্ট ব্যক্তির কাছে সরবরাহ করতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তাদের মধ্যে মোহাম্মদ উল্লাহ মিয়ানমারের আরাকান রাজ্য থেকে পালিয়ে কয়েক মাস আগে কক্সবাজারে এসেছিলেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক জানান।