মাঠ দখলে রাখতে হবে: নেতাকর্মীদের নাসিম
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মো. নাসিম।
শনিবার চট্টগ্রামের লালদিঘী মাঠে ১৪ দল আয়োজিত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় এ আহ্বান জানান তিনি।
নাসিম বলেন, “৮ তারিখ আসছে, সতর্ক থাকবেন। আদালতের রায় কী হবে জানি না। তবে বলতে চাই, চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লায় আপনাদের মাঠে থাকতে হবে।
“আমি আপনাদের অনুরোধ করব, ৮ তারিখের আগে মাঠ দখলে রাখবেন। চক্রান্তকারীরা যেন মাঠে নামতে না পারে, তাদের ঘরে ঢুকিয়ে দেবেন।”
এ সময় মাঠে থাকার বিষয়ে নেতাকর্মীদের অবস্থান জানতে চাইলে সবাই হাত তুলে ‘হ্যা’ বলেন।
শোকসভায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম রাজনৈতিক আন্দোলন সংগ্রামে মহিউদ্দিন চৌধুরীর অবদানের কথা তুলে ধরেন।
১৪ দলের সমন্বয়ক মো. নাসিম বলেন, “এ বছরের ডিসেম্বর মাসে নির্বাচন হবে। ডিসেম্বর হলো বিজয়ের মাস। এ মাসে মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হতে পারে না।”
তিনি বলেন, “আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক হিসেবে বলে গেলাম, আর কখনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, শেখ হাসিনার অধীনে।”
নির্বাচন ‘ভণ্ডুল’ করার জন্য আবার চক্রান্ত শুরু হয়েছে মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের তা রুখে দাঁড়াতে আহ্বান জানান এ আওয়ামী লীগ নেতা।
শোকসভায় ১৪ দলের নেতারা মহিউদ্দিনের স্মৃতিচারণের পাশাপাশি আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শোক সভা সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাসদের সধারণ সম্পাদক জসীম উদ্দিন বাবুল ও নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।
