সিইউজের নেতৃত্বে শ্যামল-ফেরদৌস
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে নাজিম উদ্দিন শ্যামল সভাপতি ও হাসান ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে নয়টি পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সদস্যরা ভোট দিয়ে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করেছেন।
সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত সংগঠনের ৩৯২ জন সদস্যের মধ্যে ৩৬২ জন ভোট দেয়ার পর রাতে প্রধান নির্বাচন কমিশনার মোয়াজেম্মুল হক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে নাজিম উদ্দিন শ্যামল পেয়েছেন ১৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভপতি রিয়াজ হায়দার পেয়েছেন ১৭০ ভোট।
সাধারণ সম্পাদক পদে হাসান ফেরদৌস পেয়েছেন ১৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম. শামসুল ইসলাম পেয়েছেন ১৬২ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে একাত্তর টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মাঈনুদ্দীন দুলাল (১৪৯), সহ-সভাপতি দৈনিক পূর্বকোণের মো. আলী (২১১), যুগ্ম সস্পাদক পদে দৈনিক আজাদীর সবুর শুভ (১৬৭), সাংগঠনিক সম্পাদক দৈনিক পূর্বকোণের ইফতেখারুল ইসলাম (১৯০), অর্থ সম্পাদক পদে দৈনিক আজাদীর কাশেম শাহ (২১৮), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সমকালের কুতুব উদ্দিন (১৫৫) ও নির্বাহী সদস্য পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উত্তম সেন গুপ্ত (১৩৯)।
