চট্টগ্রামে প্রগতিশীল জোটের সমাবেশে ‘ছাত্রলীগের বাধা’
চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে ‘ছাত্রলীগের বাধায়’ প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ হতে পারেনি।
ছাত্রলীগের নেতাকর্মীরা জোটভুক্ত বাম সংগঠনের দুই নেতাকে মারধরও করেন বলে অভিযোগ উঠেছে। জোট নেতারা বলেন, এসময় পুলিশ ছিল নিষ্ক্রিয় ভূমিকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের’ উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে চেরাগীর পাহাড় মোড়ে সংহতি সমাবেশ ডাকে প্রগতিশীল ছা্ত্রজোট।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেরাগী পাহাড় মোড়ে ছাত্রজোটকর্মীরা জড়ো হওয়ার সময় ২৫-৩০জন ছাত্রলীগের নেতাকর্মী ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এগিয়ে আসে।
ওই সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একটি মিছিল এলে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর চড়াও হয় । এরপর মোড়ে দাঁড়ানো গণমুক্তি ইউনিয়ন নেতা নাসির উদ্দিন আহমেদ নাসু ও গণসংহতি আন্দোলনের নেতা হাসান মারুফ রুমির ওপর হামলা করে।
এরপর ছাত্রলীগের কর্মীরা চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে স্লোগান চালিয়ে যান।
প্রগতিশীল ছাত্রজোট নেতা ও ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আতিক রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের হামলার কারণে আমাদের নির্ধারিত কর্মসূচি আমরা পালন করতে পারিনি।”
চেরাগী পাহাড় মোড়ে হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি বলেন, “কারা হামলা করেছে, এ ব্যাপারে আমরা খোঁজ-খবর নিচ্ছি।”
নিষ্ক্রিয়তার অভিযোগ প্রত্যাখ্যান করে চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদের দুইপক্ষ জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়।”
