চট্টগ্রামে আইপিএসের দোকানে আগুনে মালিকের মৃত্যু
চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি আইপিএসের দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছেন মালিক। এ ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়েছেন সাতজন।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে পাঁচতলা একটি ভবনে ‘গার্ডিয়ান আইপিএস’ নামের দোকানে আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নিহত শুভ্র দাশ বাবু (৫০) গার্ডিয়ান আইপিএসের মালিক।
আহত ও অসুস্থরা হলেন- ইকবাল, অঞ্জন দাশ, বিজয় চৌধুরী, জুয়েল দে, রহিম বাদশা, বাবলু ও মিন্টু হাসান।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনের পাঁচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, আহত অবস্থায় আটজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
গার্ডিয়ান আইপিএসের কর্মচারী নাফিস ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার পরপরই মালিক তাদের সবাইকে দোকান থেকে বের করে দিলেও তিনি বের হতে পারেননি।
“আমরা কয়েকজন দোকানে কাজ করছিলাম। আগুন লাগার সঙ্গে সঙ্গে মালিক আমাদের সবাইকে দোকান থেকে বের হতে বলেন। তিনি পরে বেরোতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ায় আর বের হতে পারেননি।”
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
“দোকানে আইপিএস তৈরি করা হত। সেখানে অনেক ব্যাটারি ছিল। সেগুলো বিস্ফোরিত হয়েছে।”
আহতদের মধ্যে ইকবালের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান
ফায়ার সার্ভিস কর্মকর্তা পূর্ণচন্দ্র।
