পটিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুজন নিহত
চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার পৌর সদরের কাগজিপাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মোজাম্মেল হক লিটন (৩৬) ও মাহবুবুল হক (৪৫) নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা। তারা মোটর সাইকেলের আরোহী ছিলেন।
পটিয়া থানার এসআই সৈয়দ মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামগামী বাসটি বিপরীতমুখী মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহী নিহত হন।
মোটর সাইকেল আরোহীরা চট্টগ্রাম থেকে আমিরাবাদ যাচ্ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বাসটি হাইওয়ে পুলিশ আটক করেছে।
