২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশুটিকে ধর্ষণ ও হত্যা পরিকল্পিত’

চট্টগ্রামে আকবর শাহ এলাকায় চার দিন আগে নয় বছর বয়সী যে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছিল, তাকে ‘পরিকল্পিতভাবে’ ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 07:53 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

শিশু ধর্ষণ ও হত্যার ওই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে এমনটাই বলছে পুলিশ।

নগরীর আকবর শাহ বিশ্ব ব্যাংক কলোনির ‘আয়শা মমতাজ মহল’ নামে পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে রোববার রাতে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক পর্যায়ে লাশের পরিচয় শনাক্ত করতে না পারলেও মেয়েটিকে ধর্ষণের পর হত্যার কথা জানিয়েছিল পুলিশ।

এ ঘটনায় মেয়েটির মা সোমবার রাতে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার মামলা করেছিলেন। লাশ উদ্ধারের পর পুলিশ ওই ভবনের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম ওরফে মনুকে (৪৯) আটক করে গ্রেপ্তার দেখায়।

চট্টগ্রাম নগরী, জেলা ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো পাঁচজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. ফারুক-উল-হক।

গ্রেপ্তাররা হলেন- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), রবিউল ইসলাম রুবেল (১৬), হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), আকসান মিয়া ওরফে হাসান (১৮) ও মো. সুজন (২০)।  এদের মধ্যে সুজন রঙ মিস্ত্রি ও অন্যরা এলাকার উঠতি সন্ত্রাসী।

এ ঘটনায় জড়িত আরেকজনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, শিশুটির মা জানিয়েছেন গ্রেপ্তার বিজয়ের মাকে তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু সে টাকা বিজয়ের মা পরিশোধ করেনি।

“শিশুটির মা আরো জানিয়েছেন কয়েকমাস আগেও বিজয় একবার তার মেয়েকে ‘ফিজিক্যাল অ্যাসল্ট’ করার চেষ্টা করেছিল।

“এ অভিযোগের পর পুলিশ বিজয়কে আটক করে এবং জিজজ্ঞাসাবাদে সে শিশুটিকে দলবেঁধে ধর্ষণের পর হত্যার কথা জানায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম ও কুমিল্লা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের উপ-কমিশনার (পশ্চিম)  ফারুক জানান, গ্রেপ্তার লিটন গত ২১ জানুয়ারি কর্নেল হাট থেকে মিমকে ফুসলিয়ে আয়েশা মমতাজ মহলের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে নিয়ে যায়।

“সেখানে ভবনের তত্ত্বাবধায়ক মনু, গ্রেপ্তার আরও চারজনসহ মোট সাতজন মিলে শিশুটিকে ধর্ষণ ও পরে হত্যা করে লাশ দ্বিতীয় তলার সিঁড়ির পাশে ফেলে রাখে।”

তিনি আরো জানান, ওই ফ্ল্যাটের ভাড়াটিয়ারা ওইদিন ছুটিতে বাড়ি গিয়েছিল। আর বিকল্প চাবি ছিল মনুর কাছে। সে চাবি দিয়ে ওই বাসাটি খুলে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনার দিন শিশুটি সমবয়সী দুই শিশুর সঙ্গে কর্নেল হাট এলাকায় তার এক মামার দোকানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে লিটন তাকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে ফুসলিয়ে ওই ভবনটিতে নিয়ে যায়।

এদিকে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে গ্রেপ্তার পাঁচজন শিশু ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সন্ধ্যায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া জানিয়েছেন।