২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নিয়ে আলোচনায় আওয়ামী লীগ নেতারা

চট্টগ্রাম নগর, উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সভা করেছেন আওয়ামী লীগ নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2018, 10:31 PM

Updated : 08 Apr 2022, 05:45 PM

বুধবার নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের কার্যালয়ে এ সভা হয়। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

ওই সভায় নগর ও উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন, দক্ষিণ জেলার কমিটি পূর্ণাঙ্গ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন বিষয়ে আলোচনা হয়।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের এই বৈঠকে দুই সাবেক ছাত্রলীগ নেতাও উপস্থিত ছিলেন।

সভায় ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহাজাদা মহিউদ্দিন ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

সভার বিষয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগে কিভাবে ডিসিপ্লিন রক্ষা করা যায় এবং ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে।

“উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলনের জন্য কেন্দ্র ২৭ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করেছে। সেটা যাতে সুন্দরভাবে হয়, সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষিণ জেলার কমিটি পূর্ণাঙ্গ করা এবং কমিটি করার বিষয়ে সভায় নেতারা মতামত দেন।”

সালাম বলেন, নগর ছাত্রলীগের সম্মেলন করার বিষয়েও আলোচনা হয়েছে। এজন্য ২৪ ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ ধরে নেতারা আলোচনা করেন।

সভার বিষয়ে আ জ ম নাছির বলেন, ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তাই দলের নেতারাই তো আলোচনা করবেন।

‘এই সভা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাথে। নিয়মিত ছাত্রদের দিয়ে যাতে ছাত্রলীগের কমিটি হয় এবং বিতর্কিত কেউ যাতে কমিটিতে না আসতে পারে সে বিষয়ে কথা হয়েছে।”

নাছির বলেন, নেতাদের নিজ নিজ মত ও গাইড লাইন দিয়েছেন। কোনো তারিখ বা সিদ্ধান্ত দেননি। সিদ্ধান্ত যা নেয়ার তা ঢাকা থেকে নেয়া হবে।

১৪ জানুয়ারি লালদীঘি মাঠে প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর শোক সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন প্রধান অতিথি।

ওই সভায় ওবায়দুল কাদের বলেন, মহিউদ্দিন চৌধুরীর অবর্তমানে নেত্রী চট্টগ্রামের নেতাদের মধ্যে ঐক্য চান।

পাশাপাশি দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে নিয়ে চট্টগ্রামের অভিজ্ঞ নেতাদের ছাত্রলীগসহ অন্য সংগঠনের বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এর আগে ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ এবং মাহতাব ‍উদ্দিন চৌধুরী উপস্থিত থাকলেও অংশ নেননি আ জ ম নাছির।

নাছিরের অনুসারী ছাত্রলীগের একাংশ সেদিন পৃথক আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রয়াত নেতা মহিউদ্দিনের অনুসারী।

অন্যদিকে ৬ ডিসেম্বর বিলুপ্ত হওয়া চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ছিলেন নাছিরের অনুসারী এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন ছিলেন মহিউদ্দিনের অনুসারী।

পুরনো খবর:

নেত্রী ঐক্য চান: চট্টগ্রামে কাদের
কেউ যেন শিবির না করে, বোঝাও: ছাত্রলীগকে হানিফ