চট্টগ্রাম বন্দর চ্যানেলের পাশের চরায় আটকে আমদানির জাহাজ
ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দরের চ্যানেলের পাশের চরায় আমদানির কন্টেইনারবাহী এক জাহাজ আটকা পড়েছে।
সোমবার সকাল ১০টার দিকে কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন ১ নম্বর বয়ার কাছে জাহাজটি আটকা পড়ে।
চরে আটকা পড়া মাল্টার পতাকাবাহী জাহাজটির নাম টিনজি। এটি ১১২৬ টিইইউস কন্টেইনার (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার= এক টিইইউ) নিয়ে ৮ জানুয়ারি বন্দরের বর্হিনোঙ্গরে আসে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেটির দিকে আসার সময় অন্য একটি লাইটার জাহাজকে পাশ কাটাতে গিয়ে ডান দিকে সরে গেলে কন্টেইনারবাহী জাহাজটি চরে আটকা পড়ে।
“জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বন্দরের চিফ পারসোনাল অফিসার নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘন কুয়াশার কারণে অবস্থান নির্ণয় করতে না পারায় জাহাজটি চরে আটকা পড়ে।
“তবে এতে বন্দর চ্যানেলে কোনো সমস্যা হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক আছে। শিপিং এজেন্টসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।”
বর্হিনোঙ্গর থেকে জাহাজ বন্দরের জেটিতে যেতে চ্যানেল ব্যবহার করে চলাচল করে।
