চট্টগ্রামে ট্রাকে লুকানো ৮৫ হাজার ইয়াবা
চট্টগ্রামে ৮৫ হাজার ইয়াবাসহ একটি ট্রাক আটক করেছে গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, রোববার ভোর রাতে আকবর শাহ থানাধীন মনসুরাবাদ এলাকায় ওই ট্রাকটি আটক করে চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- ট্রাক চালক মো. এহসান (২২) এবং তার সহকারী রহমত উল্লাহ (২০)। তাদের বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নে।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর-পশ্চিম) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাকটিতে ইয়াবা পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ট্রাকের বডি ও চেসিসে খালি জায়গা করে সেখানে ইয়াবা রেখে আবার ঝালাই করে দেওয়া ছিল।
“এ কৌশলে তারা আগেও ইয়াবা পাচার করেছে বলে জানিয়েছে।”
পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, টেকনাফ থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে ওই দুইজন ঢাকার দিকে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।
“কেউ যাতে সন্দেহ করতে না পারে, সেজন্য ট্রাকের বডিতে ইয়াবা রাখার বিশেষ ব্যবস্থা করে নিয়েছিল তারা।”
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, সাবরাংয়ের নুরুল আমিন নামের এক ব্যক্তি তাদের ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যেতে বলেছে । সেখানে যে ব্যক্তি ইয়াবাগুলো সংগ্রহ করবে তার নাম তারা জানাতে পারেনি।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা করা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।
