২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপর্ণাচরণ স্কুলে দুদিনের পুনর্মিলনী শুরু

অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি বিজড়িত অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দুদিনের পুর্নমিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 08:43 PM

Updated : 08 Apr 2022, 05:43 PM

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় স্কুল প্রাঙ্গণে পুর্নমিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে; শোভাযাত্রায় বিদ্যালয়ের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেন।

হাতে ব্যাচ উল্লেখিত প্লেকার্ড ও মুখোশ, মাথায় ফুলের ব্যান্ড, বেলুন, ঘোড়ার গাড়ি আর ফুলে সজ্জিত শোভযাত্রাটি নগরীর নন্দনকানন, ডিসি হিল, এনায়েত বাজার ও জুবিলী রোড ঘুরে আবার স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী অভিনেত্রী চিত্রলেখা গুহ বলেন, এতদিন পর স্কুলবেলার বন্ধুদের দেখা পেয়ে খুব ভালো লাগছে।

আইনজীবী নুর ফারজানা পলি এই স্কুলের ২০০৩ ব্যাচের শিক্ষার্থী। তিনি বন্ধুদের সাথে নিয়ে শোভযাত্রায় অংশ নেন।

অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাক্তন ছাত্রী পরিষদের আহ্বায়ক অধ্যাপক জয়নাব বেগম, যুগ্ম আহ্বায়ক পারভীন মাহমুদ, অধ্যাপক শুক্লা ইফতেখার, বাসনা হোড়, শুভ্রা বিশ্বাস, ডা. শাহানা পারভীন, আইভি হাসান, জোৎস্না কায়সার, জেসমিন বাপ্পিসহ নেতৃবৃন্দ শোভযাত্রায় অংশ নেন।

দ্বিতীয় দিনে শনিবার সকাল থেকে নগরীর লাভ লেইন স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এদিন সম্মাননা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতবেন সাবেক শিক্ষার্থীরা।

১৯২৭ সালে চট্টগ্রামের শিক্ষানুরাগী কালীতারা দেবী নগরীর গোলাপ সিং লেইনে আটজন ছাত্রী নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

পরবর্তীতে ছাত্রী সংখ্যা বেড়ে গেলে তৎকালীন অনারারি ম্যাজিস্ট্রেট অপর্ণাচরণ রায়ের অর্থানুকূল্যে অপর্ণাচরণ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে এটি উচ্চ বিদ্যালয় এবং সাম্প্রতিক সময়ে এটি কলেজে উন্নীত হয়। ১৯৯৭ সালের অক্টোবরে চট্টগ্রাম সিটি করপোরেশন এ স্কুলটিকে অধিগ্রহণ করে। 

চট্টগ্রামের নারী শিক্ষার বিস্তারে অপর্নাচরণ স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।

বিট্রিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা এ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীতে প্রণতি সেন দীর্ঘ ৩৪ বছর এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

পুরনো খবর:

অপর্ণাচরণে অপেক্ষা মিলনমেলার