চট্টগ্রামে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ব্যবসায়ীরা
চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটের প্রবেশ পথে নির্মাণাধীন বঙ্গবন্ধুসহ তিন আওয়ামী লীগ নেতার ভাস্কর্য ভেঙে দেওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেছেন ব্যবসায়ী নেতারা।
বুধবার বিকালে ভাস্কর্য ভেঙে দেওয়ার পর পৌর জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি প্রায় দুই ঘণ্টা দোকান বন্ধ রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।
সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফেরা ডটকমকে বলেন, “আমরা যে ভাস্কর্য নির্মাণ শুরু করেছিলাম, তা যাদের নেতৃত্বে ভাঙা হয়েছে, তাদের অপসারণ দাবি করছি।
“আমরা ওই স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরী ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ভাস্কর্য পুনরায় নির্মাণ শুরু করব।”
এসময় হকার্স মার্কেটের লালদীঘির পাড় মুখের সামনের সড়ক অবরোধ করে সমাবেশ করে। এসময় পুলিশ তাদের বাধা দিতে চাইলে মালিক-শ্রমিকদের সাথে তাদের বাগবিতণ্ডাও হয়।
এদিকে নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বিকেলে হকার মার্কেটের প্রবেশ পথের ওই ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “দলের ভেতর ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতের এজেন্টরা এই ঘটনা ঘটিয়েছে। কত বড় দুঃসাহস হলে তারা জাতির জনকের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলতে পারে।
“এর আগেও জাতির জনকের ছবি বিকৃতিকারীদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। কিন্তু তাদের বিচার হয়নি। তাদের বিচার না হওয়ার কারণেই আজ ভাস্কর্য ভাঙার দুঃসাহস তারা দেখালো।”
এদিকে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট বলেছেন, অনুমতি না নিয়ে স্থাপনা নির্মাণ শুরু করায় তিনি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।
