২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট পাচ্ছেন প্রণব মুখার্জি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 12:41 PM

Updated : 08 Apr 2022, 05:42 PM

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সামাজিক অবদান ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হবে।

রেজিস্ট্রার কামরুল হুদা বলেন, আগামী ১৬ জানুয়ারি প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং তাকে সম্মানসূচক এ ডিগ্রির স্মারক তুলে দেওয়া হবে।

একইদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের জন্মস্থান রাউজানে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন প্রণব।

ওইদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

এছাড়া ভারতের সাবেক রাষ্ট্রপতিকে নগরের স্মারক চাবি তুলে দেওয়ার আগ্রহ দেখিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

এ বিষয়ে ভারতের দূতাবাসকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা জানিয়েছেন।

“দূতাবাস এ বিষয়ে দিল্লির অনুমোদনের অপেক্ষায় আছে। যেহেতু উনি সাবেক রাষ্ট্রপতি, তাই উনার সফরসূচি দিল্লি থেকে চূড়ান্ত করা হয়। অনুমোদন পেলে আমরা তার হাতে নগরের চাবি তুলে দিয়ে সম্মান জানাতে চাই।”

ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ঘুরে যান প্রণব মুখার্জি।তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখার্জি। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখার্জি।

ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে বাঙালি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে।