২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিএনপি নেতা আব্দুল্লাহ আল হাছানের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাছান (৬৪)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 03:33 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

সোমবার ভোরে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার গভীর রাতে নগরীতে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল জানিয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, “সেখানে ভোরের দিকে তিনি মারা যান।”

রাউজান পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল হাছান স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মাহবুবুর রহমান শামীম বলেন, বেলা ৩টায় তার মরদেহ নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে নেওয়া হয়। আসরের নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার প্রথম জানাজা হবে।

“এরপর মরদেহ রাউজানে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে পশ্চিম গহিরা বায়তুননূর দারুস সুন্নাহ মাদ্রাসা ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”