অপহরণের পর ধর্ষণ: চট্টগ্রামে ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে এক পোশাকর্মীকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মোতাহার আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম ও জহিরুল হক। দুইজনই জামিন নিয়ে পলাতক রয়েছেন।
রফিকুলকে অপহরণের অভিযোগে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দিয়েছে আদালত। আর ধর্ষণের অভিযোগে তাকে যাবজ্জীবন দণ্ডের সাথে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের পর ধর্ষণের অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২০ জানুয়ারি নগরীর ডবলমুরিং থানাধীন কাঁচাবাজার এলাকা থেকে ওই পোশাককর্মীকে আসামি রফিকুল ইসলাম অটোরিকশা করে তুলে নিয়ে যায় জহিরুলের ঘরে।
সেখানে রাতে দুধের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই নারীকে অজ্ঞান করে দুইজন ধর্ষণ করে।
পরে এ ঘটনায় ওই নারী থানায় মামলা করেন। ওই বছরের ২১ মার্চ অভিযোগপত্র দেওয়া আর ১৮ অক্টোবর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু।
