চট্টগ্রামে কভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রাম নগরীতে কভার্ড ভ্যানের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন; আহত হয়েছেন তার ব্যবসায়িক অংশীদার।
সদরঘাট থানার আনু মাঝির ঘাট এলাকায় বুধবার দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত পিনন রায় (৩৫) হাটহাজারী থানার নন্দীরহাট উত্তর ফতেয়াবাদ গ্রামের বাসিন্দা মৃত ডা. সুকুমার রায়ের ছেলে।
মাদারবাড়ি পোড়া মসজিদ এলাকার ট্রেড লজিস্টিক নামে তার একটি প্রতিষ্ঠান রযেছে।
সদরঘাট থানার ওসি মর্জিনা আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়িক অংশীদার আলাউদ্দিনকে নিয়ে মোটর সাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন পিনন রায়।
“পিনন রায় মোটর সাইকেল চালাচ্ছিলেন। কভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটর সাইকেলের অন্য আরোহী আহত হয়েছেন। কর্ভাড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়েছে।”
পিননের ভাই শ্যামল রায় বলেন, পণ্যভর্তি কর্ভাড ভ্যানটি সামনে থেকে পিননের মোটর সাইকেলকে চাপা দেয়।
