চট্টগ্রামে তিন তলা থেকে পড়ে শ্রমিক নিহত
চট্টগ্রাম নগরীর রোজ ভ্যালি আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বুধবার বেলা ২টার দিকে সাহেব মিয়া (৩২) নামে এই শ্রমিকের মৃত্যু হয়।
সাহেব মিয়া চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চিত্রা মহরতপুর এলাকার তাইনুছ মাওলার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এএসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুলশী রোজ ভ্যালি আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে মো. বাচ্চুর নির্মাণাধীন বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন সাহেব মিয়া।
“সাততলা বাড়ির তৃতীয় তলা থেকে পড়ে আহত হন। বেলা ২টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তবে কিভাবে সাহেব মিয়া পড়ে যান সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
সাহেব সেখানে একা কাজ করছিলেন কিনা বা কাজের সময় সেখানে আর কেউ ছিল কিনা সে বিষয়েও তিনি কিছু বলতে পারেননি।
