চট্টগ্রামে দুই অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩
চট্টগ্রাম শহরে ঘটনাখানেকের মধ্যে দুই জায়গায় দুটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানা এলাকায় বহদ্দারহাট ফ্লাইওভার থেকে নামার পথে অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হন। এর ঘণ্টাখানেক পর ইপিজেড থানা এলাকায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা আরোহী নিহত ও কয়েকজন আহত হন।
ফ্লাইওভারের ঘটনায় নিহতদের একজন ওমর ফারুক জিহান (২৫) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের বাসিন্দা। অপরজন অটোরিকশা চালক, তাতক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ৯টার দিকে বহদ্দারহাট ফ্লাইওভার থেকে নামার সময় দ্রুতগামী ট্রাকটি পেছন থেকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালক ও যাত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে চান্দগাঁও থানার ওসি আবুল বশর জানিয়েছেন।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে ইপিজেড থানার টিসিবি ভবনের সামনে মোড় ঘোরার সময় একটি অটোরিকশায় ধাক্কা দেয় ট্রাক। আহত আরোহীদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর মো. রফিক (৫০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে ইপিজেড থানার এসআই মুকুল মিয়া জানিয়েছেন।
