২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলায় খালেদাকে সাজা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: নোমান

মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 09:02 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

বুধবার নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে সাবেক জাতীয়তবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্দ আলীর স্মরণে এই শোক সভার আয়োজন করা হয়।

আবদুল্লাহ আল নোমান বলেন, “সরকার মিথ্যা ও ভিত্তিহীন মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার ষড়যন্ত্র করছে। এটি হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে।

“সরকার মিথ্যা মামলা দিয়ে এবং জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতাকে পুনরায় দীর্ঘ মেয়াদে কুক্ষিগত করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু সরকারের সেই নীল নকশা বুমেরাং হয়ে যাবে।”

নোমান বলেন, বিএনপি জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবে বিএনপির সাথে রাজনৈতিক সংলাপে বসতে। ৫ জানুয়ারি মার্কা প্রার্থী ও ভোটারবিহীন কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।

তিনি বলেন, “দেশে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে। চাল, পেঁয়াজ, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ সব্য নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না।”

নগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন।