চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত মিজান দুদিন পর মারা গেছেন।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই যুবকের মৃত্যু ঘটে বলে আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানিয়েছেন।
আকবর শাহ থানা এলাকার জঙ্গল লতিফপুর এলাকায় রোববার রাতে মিজান (২৩) গুলিবিদ্ধ হন।
গুলি করার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মো. হান্নান (৪৫), ওমর ফারুক (২৮) ও মো. মিলন (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করে।
হান্নানের বিরুদ্ধে লতিফপুর এলাকায় একটি গ্রুপ তৈরি করে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বাকি দুজন তার সহযোগী।
পুলিশ কর্মকর্তা আলমগীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গল লতিফপুর এলাকায় এক ব্যক্তি তার পৈত্রিক সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় ঠিকাদারদের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করে হান্নান বাহিনীর সদস্যরা। টাকা না দেওয়ায় রাতে তারা গুলি চালালে মিজান আহত হন।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া জানান, কামাল উদ্দিন নামে এক ঠিকাদারের সঙ্গে কাজ করেন আহত মিজান। তারা আব্দুল্লাহ আল ফরহাদ নামে এক ব্যক্তির জায়গায় সীমানা প্রাচীর তৈরি করছিলেন।
গুলি করার পর মিজানের ভাই বাদী হয়ে একটি মামলা করেন। তাতে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়ে।
হান্নান ও তার সহযোগীদের গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশে তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, চারটি কিরিচ, তিনটি রাম দা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
