চট্টগ্রামে চাঁদা না পেয়ে গুলি, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা।
বন্দরনগরীর আকবর শাহ থানার জঙ্গল লতিফপুর এলাকায় রোববার রাতে এ ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেপ্তারদের মধ্যে মো. হান্নান (৪৫) নামে একজন লতিফপুর এলাকায় একটি গ্রুপ তৈরি করে ভূমিদস্যুতা ও চাঁদাবাজি করে থাকে। ওমর ফারুক (২৮) ও মো. মিলন (২০) নামে গ্রেপ্তার বাকি দুজন তার সহযোগী।
আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গল লতিফপুর এলাকায় এক ব্যক্তি তার পৈত্রিক সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় ঠিকাদারদের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করে হান্নান বাহিনীর সদস্যরা।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া জানান, কামাল উদ্দিন নামে এক ঠিকাদারের সঙ্গে কাজ করেন আহত মিজান। জঙ্গল লতিফপুর এলাকায় আব্দুল্লাহ আল ফরহাদ নামে এক ব্যক্তির জায়গায় তারা সীমানা প্রাচীর তৈরি করছিল।
বিকালে হান্নান বাহিনীর সদস্যরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানায়।
রাতে বাসায় ফেরার পথে মিজানকে গুলি করলে তার ভাই বাদী হয়ে একটি মামলা করেন।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, চারটি কিরিচ, তিনটি রাম দা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
