২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ার মন্দিরে প্রতিমা ভেঙ্গেছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা গ্রামে মন্দিরের কালী প্রতিমা ভেঙ্গেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 10:00 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

শুক্রবার রাতের ওই ঘটনায় মামলা করেছে মন্দির কর্তৃপক্ষ।

শ্রী শ্রী পিঙ্গলা কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধীর কুমার সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত দশটা পর্যন্ত মন্দিরে সংঘ ছিল। এরপর সবাই চলে যায়।

“পুজারি মন্দির বন্ধ করে কাছেই তার বাসায় চলে যান। সকাল ৭টায় তিনি দেখেন মন্দিরের মূল ফটকের গ্রিল আংশিক কাটা এবং জানালা খোলা।”

অধীর কুমার সেন বলেন, একটা বাঁশের অগ্রভাগে লাগানো তারের আংটা কালী প্রতিমার গলায় লাগানো অবস্থায় পাওয়া গেছে। হয়ত প্রতিমার গলায় থাকা স্বর্ণালংকার চুরির জন্য কেউ এটা করেছে।

“এতে প্রতিমার হাত ভেঙ্গে গেছে। আর শিব মূর্তিটি যেখানে রাখা ছিল সেখান থেকে সরে গেছে।”

মন্দিরটি প্রায় দুইশ বছরের পুরনো এবং ১৬-১৭ বছর আগে সেটি সংস্কার করা হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, “স্বর্ণাংলকার চুরির চেষ্টা হয়েছিল। এজন্য বাঁশে তার লাগিয়ে টান দেওয়ায় প্রতিমা পড়ে গেছে।”