আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোয় চবি শিক্ষক সমিতির উদ্বেগ
ছাত্রলীগনেতা দিয়াজ হত্যা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার এক বিবৃতিতে শিক্ষক সমিতি বলে, সমিতি সবসময়ই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে সচেষ্ট।
সভাপতি মিহির কুমার রায় ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুয়াজ্জম হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে সমিতি দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলা হয়, যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ায় মামলার প্রকৃত বিষয়বস্তু উদঘাটিত হবে।
এ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবে না বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
সোমবার চবি ছাত্রলীগের নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
