২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদদলনে নিহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা নওফেলের

সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনে নিহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তার ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 08:31 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার বিকালে চট্টগ্রামের চট্টেশ্বরী কালী মন্দিরে নিহতদের স্মরণে নগর আওয়ামী লীগের বিশেষ প্রার্থণা সভায় এ ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নওফেল নিহতদের পরিবারের সদস্যদের অর্থিক অনুদানও দেন।

নওফেল মেজবানের অনুষ্ঠানে নিহতদের সন্তানদের প্রতিষ্ঠিত করতে পাশে থাকার ঘোষণা দিয়ে বলেন, “কোনো মৃত্যু আর্থিক বা সম্পদ প্রদানের মাধ্যমে শূণ্যস্থান পূরণ করা যায় না। আজকে ক্ষুদ্র অনুদান তাদের তুলে দিচ্ছি। ভবিষ্যতের সাথে এটার কোনো সম্পর্ক নেই। নিহতদের পরিবারের সাথে আমরা সম্পৃক্ত থাকব।

“হাসপাতালে চিকিৎসাধীন আহতরা কেউ সংকটাপন্ন নয়। তাদের চিকিৎসা খরচ আমরা বহন করছি।”

মেজবান আয়োজন নিয়ে নওফেল বলেন, “বাবা ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির আদর্শ। যেকোনো আয়োজনে বাবা আলাদা ব্যবস্থা করতেন। আমাদের এ আয়োজন ছিল সমমনা রাজনৈতিক দল, কর্মী নেতৃবৃন্দদের জন্য। কিন্তু পরিস্থিতিক্রমে এটা সর্বসাধারণের হয়ে গিয়েছিল।”

গত সোমবার রীমা কমিউনিটি সেন্টারে পদদলনের ওই মর্মান্তিক ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।

মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা এবং শেষকৃত্যের জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা ব্যয়ও পরিবারের পক্ষ থেকে দেওয়ার কথা।

দুর্ঘটনার দিন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকেও অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সোমবারের ঘটনা উল্লেখ করে নওফেল বলেন, “নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে বাবার জীবনটা অতিবাহিত হয়েছে। সে পরিসমাপ্তি তার কুলখানিতে আরেকটি দুর্ঘটনার মধ্য দিয়ে হয়েছে কিনা আমরা জানি না।”

এদিকে রীমা কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে আগেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার কথা উল্লেখ করে তিনি পদদলনের বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।

নওফেল বলেন, “প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে আসল ঘটনাটি কী হয়েছিল। কারণ একই স্থানে একই কমিউনিটি সেন্টারে আমরা এর আগে আরও বেশি সংখ্যক মানুষকে পরিকল্পিতভাবে সুশৃঙ্খলভাবে আপ্যায়ন করেছিলাম।

“সেখানে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা দায়িত্ব নিয়েছিলেন। এবারও তারা ছিলেন। সুচারুভাবে এগোচ্ছিল। তবে আমরা জানি না এটা অসাবধনাতাবশত নাকি অতিউৎসাহী হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে হয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন।”

অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীন, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া উপস্থিত ছিলেন।