২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যাচেষ্টার অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় একটি রিকশা গ্যারেজ মালিকের করা হত্যাচেষ্টা মামলায় এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2017, 09:25 PM

Updated : 19 Aug 2022, 06:09 PM

গ্রেপ্তার হযরত আলী রিকশা চালান। রিকশা গ্যারেজের মালিকের নাম আনোয়ার হোসেন।

ডবলমুরিং থানার এসআই এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত (সোমবার) রাতে হযরত আলী ঝর্ণাপাড়ায় আনোয়ার হোসেনের গ্যারেজে যায়।

“তার কাছে থাকার জায়গা নেই এবং টাকাও নেই জানিয়ে রাতে গ্যারেজে থাকতে চায়। আনোয়ার তাকে গ্যারেজে থাকার অনুমতি দেয়। রাতে হযরত একটা রড কাটার দিয়ে আনোয়ারকে মারতে উদ্যত হলে সে চিৎকার করে লোক জড়ো করে।”

হযরত আলীকে আটকের পর স্থানীয়রাই পুলিশে তুলে দেয়।

এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে আলীর বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

এসআই এনামুল হক বলেন, “জিজ্ঞাসাবাদে হযরত আলী বলেছেন, তার কাছে টাকা না থাকায় সে রড কাটার দিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা নিতে চেয়েছিল।”