চবি সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রোববার
রোববার হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রোববার সকাল সাড়ে ৯টায় সমাজ বিজ্ঞান অনুষদ চত্বর থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা।
এরপর সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করবেন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
এরপর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইতোমধ্যে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ প্রায় ৫০০ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ।
১৯৯৪ সালের ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় অ্যাকডেমিক কাউন্সিলের সভায় সাংবাদিকতা বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয় ও ৮ মার্চ তা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুমোদন দেয়।
একই বছরের ৮ ডিসেম্বর কলা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক হায়াৎ হোসেনকে বিভাগের প্রথম সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে বিভাগের যাত্রা শুরু হয় এবং পরের বছর থেকে শিক্ষার্থী ভর্তি করানো হয় সাংবাদিকতা বিভাগে। যা পরবর্তীতে নাম পরিবর্তন করে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ করা হয়।
বিভাগ শুরুর প্রথমদিকে এটি কলা অনুষদের অধীনে থাকলেও পরবর্তীতে তা সমাজবিজ্ঞান অনুষদের অধীনে স্থানান্তর করা হয়।
৮ ডিসেম্বর বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী হলেও শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রোববার এ অনুষ্ঠান করা হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় সভাপতি আজাদ।
