শীর্ষ করদাতা সিঅ্যান্ডএফ এজেন্টদের সম্মাননা দেবে এনবিআর
সিঅ্যান্ডএফ এজেন্ট মালিকদের মধ্যে শীর্ষ কর প্রদানকারীদের সম্মাননা দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
শনিবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সদস্যদের এএসসি-এইচএসসি উত্তীর্ণ সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নজিবুর বলেন, “আমরা সবসময় আপনাদের উপযুক্ত মূল্যায়ন করি। ঢাকায় বিষয়টি বলেছি এবং সকল সহকর্মীদের নির্দেশ দিয়েছি তারা যেন প্রত্যেকটি কাস্টমস হাউসের শুল্ক স্টেশনে টপ-টেন সিঅ্যান্ড এজেন্টকে চিহ্নিত করে সম্মানিত করেন।”
সিঅ্যান্ডএফ মালিকদের পরিবারদের কর বাহাদুর উপাধি দেওয়ার বিষয়ে অ্যাসোসিয়েশন সদস্যদের দাবি গ্রহণ করে যেসব সিঅ্যান্ডএফ এজেন্টের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কর দিয়ে আসছে, তাদের মধ্যে শীর্ষ দশ জনকে চিহ্নিত করে দেওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।
কর বাহাদুর পরিবার সম্মাননা দেওয়ার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল বলেন, ব্যবসায়ী-বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে সিঅ্যান্ডএফ এজেন্টরা।
বন্দর চেয়ারম্যান ‘কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন’ নামটির সাথে পোর্ট শব্দ উল্লেখ করে ‘পোর্ট- কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন’ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে এসএসসি পাশ করা ৪৮ জন এবং এইচএসসি পাশ করা ২৬ জনসহ সিঅ্যান্ডএফ এজেন্ট মালিকদের ৭৪ জন সন্তানকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আক্তার হোসেন, চট্টগ্রাম কাস্টমস কমিশনার একেএম নুরুজ্জামান, কৃতি শিক্ষার্থীদের পক্ষে এসএসসি পাশ করা মৃত্তিকা সাহা।
উপস্থিত ছিলেন এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, আশফাক হোসেন এবং ঢাকা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ফরিদ।
