২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি কর্ভাড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 02:50 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান।

নিহত ইয়াসিন গাজী (৫০) ছিলেন ওই ট্রাকের চালক; তার বাড়ি যশোর জেলায়। তার সহকারী মোহাম্মদ তৌহিদও (৩৫) এ দুর্ঘটনায় আহত হয়েছেন। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোট কমলদহ এলাকায় মহাসড়কের পাশে একটি কর্ভাড ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছিল। চট্টগ্রামমুখী ট্রাকটি ওই ভ্যানের পেছনে সজোরে ধাক্কা খেলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ট্রাক চালকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তৌহিদকে মিরসরাইয়ের মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।