২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিআইবির প্রথম শাখা হবে চট্টগ্রামে’

ঢাকার বাইরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) প্রথম শাখা চট্টগ্রামে করা হবে জানিয়েছেন এর মহাপরিচালক শাহ আলমগীর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 05:56 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালা’র সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহ আলমগীর বলেন, “পিআইবি এখনো ১৯৭৬ সালে সামরিক আমলে করা একটা রেজুলেশন দিয়ে চলছে। আইন প্রণয়নের কাজ চলছে।

“আইনে পিআইবি প্রয়োজনে ঢাকার বাইরে শাখা করতে পারবে এমন বিধান আছে। আগামী শীতকালীন অধিবেশনেই আশাকরি সংসদে এই আইন পাস হবে। ঢাকার বাইরে প্রথম শাখা হবে চট্টগ্রামে। এটা আগামী বছরের মধ্যে যাতে রূপ পায় সেলক্ষ্যে কাজ করছি।”

সততা না থাকলে কারো সাংবাদিকতা পেশায় থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

“গণমাধ্যম মানুষকে যা জানাতে চায় মানুষ তাই জানে, যা শোনাতে চায় মানুষ তাই শোনে। সমাজ পরিবর্তনের এমন ক্ষমতা যার সেই সাংবাদিককে অবশ্যই সৎ হতে হবে।

“যদি কেউ মিথ্যা তথ্য দিতে চান বা বিভ্রান্তি সৃষ্টি করতে চান তাহলে সেই সাংবাদিকতা দিয়ে কি হবে? আগেই সিদ্ধান্ত নিতে হবে আমি কেমন সাংবাদিক হব। রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ এ পেশায় নেই। তবে অন্য উপায়ে সুযোগ আছে। সে সুযোগ কেউ নিলে তিনি পুরো সাংবাদিক সমাজকেই ক্ষতিগ্রস্ত করছেন।”

তিনি বলেন, “মানুষ সাংবাদিককে অনেক বিশ্বাস করে। ভয় পেলে, সৎসাহস না থাকলে, অল্প টাকা পেয়ে ঘুরে গেলে, লোভ সংবরণ যদি না করতে পারি তাহলে সাংবাদিকতা না করাই ভালো। পেশার সৌন্দর্য্য বাড়াবেন। এ পেশায় এসে কেউ আর্বজনা তৈরি করবেন না।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিক বিপুল বড়ুয়া, ইফতেখারুল ইসলাম ও আল রাহমান।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী।

অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন পিআইবি মহাপরিচালক।