‘শিরোনাম দেখে মনে হয় দেশ থেকে আ. লীগ উড়ে গেছে’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে বেশিরভাগ পদে আওয়ামী লীগ সমর্থকরা জয়ী হলেও গণমাধ্যমের শিরোনাম দেখে হতাশা প্রকাশ করেছেন উপার্চায অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
সোমবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, “আগে ওদের (সাদা দলের অনুসারী) অনেকের চাকরি হয়েছে। সংখ্যার ওরা বেশি। তাই আমরা পারি না। আগেও ওরা জিতেছে।”
রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধির চারটি পদ, একাডেমিক কাউন্সিলের ছয়টি এবং ফিন্যান্স কমিটির একটি পদে নির্বাচন হয়।
এতে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ একাডেমিক কাউন্সিলের ছয়টি এবং ফিন্যান্স কমিটির একটি পদে জয়ী হয়।
সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের ‘সাদা দল’ দুটি তে জয়ী হয়।
সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে বিজয়ী এস এম সাদাত আল সজীব হলুদ দলের বিদ্রোহী প্রার্থী এবং প্রভাষক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
অধ্যাপক ইফতেখার বলেন, “এবার ভুল বোঝাবুঝির কারণে একজন আবার দাঁড়িয়ে গেল। লেকচারারটা আমরা পেয়েছি। একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির সব আমরা পেয়েছি।
“কিন্তু পত্রিকায় এমনভাবে লেখা হল যেন আমরা কিছুই পাইনি। হেডলাইন পড়ে মনে হবে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ উড়ে গেছে। অথচ আটটা পদ আমরা পেয়েছি।”
চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য।
অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “তাই বলি অনুসন্ধান করে সত্য তুলে আনুন। অনুসন্ধান অত্যন্ত স্পষ্ট হতে হবে এবং গভীর হতে হবে।
“মোটিভেটেড বা ডিসর্টটেড (বিকৃত) হলে তা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে। দুয়েকটি পত্রিকার জন্য সব সাংবাদিক বা সংবাদপত্রের প্রশ্নবিদ্ধ হওয়া কাম্য নয়।”
সোমবারের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণদাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, “ব্যাড নিউজ ইজ গুড নিউজ- এটা শতবর্ষ আগের ধারণা।
“ভালো বিষয় প্রতিবেদনে উপস্থাপন করা না হলে ভালো কাজ করা ব্যক্তিরা কীভাবে উৎসাহিত হবেন? তাই ভালো বিষয়কে তুলে আনতে হবে।”
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার। চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ এবং পিআইবির পক্ষে প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।
