বাস ধর্মঘটে দুর্ভোগ চট্টগ্রামে
পুলিশ কর্তৃক গাড়ি রিকুইজিশন, রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামে পরিবহন মালিকদের এক পক্ষের ধর্মঘটে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
রোববার সকাল থেকে ‘চট্টগ্রাম মেট্রো গণ-পরিবহন মালিক সংগ্রাম পরিষদ’ নামে গণ-পরিবহন মালিকদের অংশটি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশি হয়রানি, রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।”
এদিকে একাংশ ধর্মঘটের ডাক দিলেও মালিকদের আরেক অংশের গাড়ি ছিল রাস্তায়। তবে গাড়ি কম বলে বিপাকে পড়েছিল শিক্ষার্থী ও কর্মজীবী মানুষরা। সেগুলো আবার অতিরিক্ত ভাড়া নিয়েছে বলেও যাত্রীদের অভিযোগ।
পরিবহন মালিকদের সাতটি অংশ এ ধর্মঘটকে সমর্থন দিয়েছে দাবি করে বেলাল বলেন, “লুসাই মোটরস ও লিটন মটরস নামে দুটি সংগঠন রুট পারমিট না নিয়ে অবৈধভাবে রাস্তায় গাড়ি চলাচল পরিচালনা করছে। তারাই রোববার রাস্তায় গাড়ি নামিয়েছে।”
তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে জেলা রুটের গাড়ি নগরীতে প্রবেশ করতে না দেওয়া, নগরীতে ইজিবাইক, টমটম চলাচাল নিষিদ্ধ, নগরীতে নির্দিষ্ট পার্কিং স্থান তৈরি না করা পর্যন্ত নো পার্কিং জরিমানা আদায় বন্ধ।
বেলাল বলেন, রাস্তায় রুট পারমিট থাকা সত্ত্বেও পুলিশ গাড়িকে অযথা হয়রানি করছে, পাশাপাশি বিভিন্ন অজুহাতে মামলা দায়ের ও জেলা পুলিশ নগরীর বিভিন্ন গাড়ি রিকুজিশন করছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান তিনি।
