চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক জাফর আলমের মৃত্যু
চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক জাফর আলম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
জাফর আলমের সহকর্মী পরিবেশবিদ অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ৭টার দিকে পার্সি ভিল হিলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাফর আলম অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানান তিনি।
অদ্যাপক জাফর আলম তিন কন্যা সন্তানের জনক। তার বড় মেয়ের স্বামী বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান।
ভৌত রসায়ন চর্চা ও পাঠদানে জাফর আলমের শ্রেষ্ঠত্ব চট্টগ্রামের রসায়ন শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে ছিল সর্বজনবিদিত।
অধ্যাপক জাফর আলম আশির দশকে শিক্ষকতা শুরু করেন, অবসরে যান ২০১০ সালে। কর্মজীবনে তিনি চট্টগ্রাম কলেজ, জগন্নাথ কলেজ, রাঙামাটি সরকারি কলেজ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, নোয়াখালী কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।
কক্সবাজার জেলার কুতুবদিয়ায় জন্মগ্রহণকারী জাফর আলম পরে জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারায় স্থায়ী হন।
শনিবার সকালে চট্টগ্রাম কলেজের মাঠে জাফর আলমের প্রথম জানাজা হয়। বিকালে দ্বিতীয় জানাজা শেষে ডুলহাজারায় তাকে দাফন করা হয়।
