জশনে জুলুসে মুখরিত বন্দর নগরী
মহানবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমণ ও তিরোধানের দিন ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে মুখরিত হয়ে ওঠে বন্দর নগরী চট্টগ্রাম।
শনিবার সকাল ৯টার দিকে আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শুরু হয়।
এর আগে ভোর থেকেই ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জড়ো হন নবীপ্রেমিক জনতা।
সকাল ৯টায় যখন শোভযাত্রা শুরু হচ্ছে তখন মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, সিরাজুদ্দৌলা রোড, আন্দরকিল্লা, জামালখানসহ বিভিন্ন সড়কে লাখো জনতার ঢল।
জশনে জুলুসে অংশ নিতে নগরীর বিভিন্ন প্রান্ত এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বাস ও ট্রাকে করে হাজার হাজার মানুষ নগরীতে এসেছে।
শোভাযাত্রায় ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলল্লাহ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বন্দর নগরীর আকাশ-বাতাস। জুলুস দেখতে সড়কের পাশেও জড়ো হয় হাজার হাজার জনতা।
শোভাযাত্রার সময় শরবত, কমলা, চকলেট, পাউরুটি, খাবার পানিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের বিতরণ করা হয়।
জুলুসের শোভাযাত্রা জামালখান-গণিবেকারি-চকবাজার হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে মাদ্রাসার মাঠে জোহরের নামাজের পর মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ।
বিকেলে সেখানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল রয়েছে।
আল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র) চট্টগ্রাম জশনে জুলুসের প্রবর্তনকারী। তার ছেলে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ১৯৮৭ সাল থেকে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন।
