২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলাদুন্নবিতে চট্টগ্রামে জশনে জুলুস

ঈদে মিলাদুন্নবী ‍উপলক্ষে চট্টগ্রামে আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে জশনে জুলুছ অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 05:45 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

রোববার চট্টগ্রামে এস এস খালেদ সড়কের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজন সম্পর্কে জানানো হয়।

মহানবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমণ ও তিরোধানের দিনটি (হিজরি ১২ রবিউল আউয়াল) ঈদে মিলাদুন্নবি পালন করা হয়।

এউপলক্ষে প্রতি বছর আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামে ‘জশনে জুলুছ’ আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ট্রাস্টের নির্বাহী সদস্য মুহাম্মদ আমির হোসেন সোহেল বলেন, আল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (র) এই জশনে জুলুছের প্রবর্তনকারী। তার ছেলে তাহের শাহ জুলুছে অংশ নিতে পাকিস্তান থেকে শনিবার চট্টগ্রামে এসে পৌঁছান।

“১৯৮৭ সাল থেকে হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ জশনে জুলুছে নেতৃত্ব দিচ্ছেন। চট্টগ্রামের জুলুছটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জুলুছের অনুষ্ঠান।”

সোহেল বলেন, “চট্টগ্রামে না হয়ে দেশের অন্য কোথাও হলে হয়ত এতদিনে এটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে ফেলত। শুধু চট্টগ্রামে হওয়ার কারণেই অবহেলিত রয়ে গেছে।”

সংবাদ সম্মেলনে গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার ঈদে মিলাদুন্নবি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান।

জশনে জুলুছের শোভাযাত্রায় সাউন্ড সিস্টেমসহ সব ধরনের বাদ্যযন্ত্র নিষিদ্ধ এবং শোভাযাত্রার যানবাহন থেকে খাদ্যসামগ্রী নিক্ষেপ না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বখতিয়ার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি অধ্যাপক কাজী শামসুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, হাসানুল করিম রিয়ান, মনোয়ারুল হক, মাওলানা লেয়াকত আলী প্রমুখ।