২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় দুই লাশ

চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাস থেকে চালকের গলাকাটা এবং একটি বাসা থেকে এক বৈদ্যুতিক মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 04:04 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার সকালে উপজেলা পোস্ট অফিসের সামনে মাইক্রোবাস থেকে চালক আব্দুল হাকিমের (৫৫) লাশ উদ্ধার করা হয় বলে পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ জানান।

আব্দুল হাকিম কুমিল্লার মুরাদনগর উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, হাকিম ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। বুধবার দুপুরে তিনি নগরীর লালদিঘীর পাড় থেকে গাড়ি নিয়ে কক্সবাজার গিয়েছিলেন।

“সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তের হাতে খুন হয়ে থাকতে পারেন।”

লাশ উদ্ধারের দায়িত্বে থাকা এসআই আমিনুল ইসলাম জানান, হাকিমের ছেলে ও ভাই লাশ শনাক্ত করেছেন।

তিনি বলেন, “হাকিমের ছেলে জানিয়েছেন রাত ১১টার দিকে বাবার সঙ্গে তার সবশেষ কথা হয়। ওইসময় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার কথা জানিয়েছিলেন হাকিম।”

গাড়ি ছিনতাইয়ের জন্য চালক হাকিমকে খুন করা হতে পারে জানিয়ে এসআই আমিনুল বলেন, “গাড়িতে জ্বালানি ছিল না। গাড়ি ছিনতাইয়ের জন্য হাকিমকে খুন করা হয়ে থাকতে পারে।”

অন্যদিকে সকালে মো. মোশারফ হোসেন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উপজেলার পশ্চিম কচুয়ায় দুই নম্বর ওয়ার্ডে তার বাসা থেকে উদ্ধার করা হয়।

মোশারফ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তার বাড়ি পটুয়াখালী।

পটিয়া থানার এসআই আরিফুল ইসলাম দোলন জানান, মোশারফের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, “ওই বাসায় মোশারফ তার ছেলেকে নিয়ে থাকতেন। পারিবারিক সমস্যার কারণে মোশাররফের স্ত্রী তাদের সঙ্গে থাকেন না।”

মোশারফের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান এসআই দোলন।