২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘জিহাদি’ বইসহ ২ তরুণ গ্রেপ্তার

চট্টগ্রামে বিপুল পরিমাণ জিহাদি বইসহ নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্য দুই তরুণকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 03:42 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বগুড়ার বাসিন্দা শাকিল (১৯) ও রাহাত (১৮) আইনশৃঙ্খলা বাহিনীর উপর ‘হামলা করে অস্ত্র লুটের’ জন্য পরিকল্পনা করেছিল বলে র‌্যাব কর্মকর্তাদের দাবি।

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট রেল স্টেশন এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় র‌্যাবের চেকপোস্টে তল্লাশি করে সাথে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ জিহাদি কাগজপত্র উদ্ধার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন ‘হিজরত’ করার জন্য তারা বগুড়া থেকে কক্সবাজার গিয়েছিলেন। সেখানে তারা ‘তাগুতদের’ (আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য) ওপর হামলা করে অস্ত্র লুটের পরিকল্পনা করেছিল।”

রোহিঙ্গা ইস্যু ও রাষ্ট্রপতির কুচকাওয়াচসহ বিভিন্ন কারণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেশি থাকায় বিপদ মনে করে তারা কক্সবাজার থেকে চলে আসে বলে র‌্যাবের ভাষ্য।

তবে গ্রেপ্তাকৃত দুই যুবক কোন সংগঠনের সদস্য তা বলতে পারেননি মিমতানুর। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।