বন্ড সুবিধায় আনা ২ ভ্যানভরতি কাপড় আটক
চট্টগ্রামে বন্ড সুবিধায় আনা কাপড় খোলা বাজারে বিক্রি চেষ্টার অভিযোগে দুই কভার্ড ভ্যান কাপড় আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
নগরীর সাগরিকা এলাকায় থেকে গত ২৩ নভেম্বর ট্রাক দুটি আটকের পর কোনো কাগজপত্র দেখাতে না পারায় মঙ্গলবার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক তারেক মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাপড়গুলো সাগরিকা রোডের ‘মোডেস্ট বিডি লিমিটেড’ নামে একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান বন্ড সুবিধায় আমদানি করেছিল।”
গত ২৩ নভেম্বর কাপড়ভরতি কভার্ড ভ্যান দুটি আটক করা হয় বলে জানান তিনি।
কোন প্রকার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। উদ্ধার করা কাপড়ের দাম ১০ লাখ টাকা ও তার শুল্ক পাঁচ লাখ টাকা বলে জানান সহকারী পরিচালক তারেক মাহমুদ।
