আগে রান্না করা নিয়ে ছুরিকাঘাত, প্রাণ গেল অটোরিকশা চালকের
চট্টগ্রামের এক কলোনিতে চুলায় আগে রান্না করা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল এক অটোরিকশা চালকের।
নিহত মো. জামাল (৩৪) বন্দরনগরীতে অটোরিকশা চালাতেন, পরিবার নিয়ে থাকতেন বাকলিয়া এলাকার লতিফ কলোনিতে। কুমিল্লার মুরাদনগরে তার গ্রামের বাড়ি।
মঙ্গলবার সকালে বাকলিয়ার লতিফ কলোনিতে এ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।
গ্রেপ্তার মো. আলমগীর কলোনিতে জামালের প্রতিবেশী জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তারা ছয়টি পরিবার একটি গ্যাসের চুলায় রান্না করতেন।
“সকালে রান্না করা নিয়ে জামালের স্ত্রীর সাথে আলমগীরের স্ত্রীর ঝগড়া বাঁধে। বিষয়টি নিয়ে আলমগীর ও জামাল বিরোধে জড়ালে আলমগীর ছুরি দিয়ে জামালকে খুন করে।”
পরে পুলিশ গিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে বলে জানান ওসি প্রণব।
