২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৪৫ বসতঘর

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা দক্ষিণ কামাল বাজার এলাকায় আগুনে ৪৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 03:36 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

তবে এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল ৮টার দিকে দক্ষিণ কামাল বাজারের ফরিদ কলোনি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি কলোনিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহরা ও বায়েজিদ স্টেশনের পাঁচটি গাড়ি নিয়ে বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ৪৫টি কাঁচা ঘর পুড়ে যায় জানিয়ে পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, আগুন যেখানে লেগেছে তার কাছেই একটি সিএনজি ফিলিং স্টেশন আছে। আমরা সচেষ্ট ছিলাম যাতে আগুন ওই পর্যন্ত না ছড়াতে পারে।

“কোনোভাবে ওই ফিলিং স্টেশনে আগুন ছড়ালে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ত।”

আগুনে কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।