২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংস্কারের দাবি

চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 08:51 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

রোববার রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে মানববন্ধনে দাঁড়ান দুই উপজেলার মানুষ।

মানববন্ধন ও সমাবেশ থেকে ডিসেম্বরের মধ্যে রাস্তা সংস্কার করা না হলে ওয়াসা কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।  

রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন ও পোমরা এলাকায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের অধীনে শেখ হাসিনা পানি শোধানাগার প্রকল্পের কাজ চলছে। যার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে পাইপ লাইন বসানোর জন্য ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, কাটা রাস্তা সংস্কার ও ধুলাবালি যাতে না ওড়ে সেজন্য পানি ছিটানোর কথা থাকলেও সেখানে তা করা হচ্ছে না। ফলে রাস্তাটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম ওয়াসার স্বেচ্ছাচারিতা, কাজের ধীরগতি ও ‘দুর্নীতির’ কারণে জনগণ দুর্ভোগ পোহাচ্ছে।

তারা বলেন, কাটা সড়ক মেরামত ও ধুলাবালি ওড়া বন্ধে পানি ছিটানোর জন্য বরাদ্দ টাকা আত্মসাৎ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে মেরামতের কাজ টেকসই হচ্ছে না। এর ফলে পুরো সড়ক খানাখন্দ ও গর্তে ভরে যাচ্ছে।

ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কার না হলে রাঙ্গুনিয়ার মূল পয়েন্টে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ওয়াসা ভবন ঘেরাওয়ের হুমকি দেওয়া হয় মানববন্ধন থেকে

আইনজীবী সেকান্দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

পুরনো খবর:

এক সড়কে দু’প্রকল্পের খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ চরমে