ভবন থেকে পড়ে নারী গার্মেন্টকর্মীর মৃত্যু
চট্টগ্রাম নগরীতে ভবন থেকে পড়ে এক নারী গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা দেড়টার দিকে বায়েজিদ থানা এলাকার বার্মা কলোনির মান্নান ভবনের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে মারা যান রোজিনা বেগম (২২)।
নিহত রোজিনা বেগম ও তার স্বামী শাহাবুদ্দিন গার্মেন্টে কাজ করেন।
ওই ভবনের ছাদের ঘরে ভাড়া থাকতেন তারা। তাদের সাথে শাহাবুদ্দিনের মা এবং দম্পতির দুই বছর বয়সী কন্যা থাকে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা দুইটার দিকে হাসপাতালে আনা হলে রোজিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরিবারের বরাত দিয়ে বায়েজিদ থানার এসআই নজরুল ইসলাম জানান, দুপুরে খাবারের পর রোজিনার শাশুড়ি গোসল করতে গিয়েছিলেন।
“গার্মেন্টে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল স্বামী-স্ত্রী। ছাদের রেলিংয়ে কাপড় শুকাতে দিতে গেলে ছয় তলা থেকে পড়ে যান রোজিনা।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোজিনার স্বামী শাহাবুদ্দিনকে থানায় ডাকা হয়েছে বলে জানান এসআই নজরুল ইসলাম।
