চট্টগ্রামে তিনদিনব্যাপী আইটি ফেয়ার শুরু
চট্টগ্রাম চেম্বারের আয়োজনে তিনদিনের আইটি ফেয়ার শুরু হয়েছে।
শনিবার বন্দরনগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ ফেয়ারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদল মান্নান।
উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, রাজস্ব আহরণের কারণে চট্টগ্রামের গুরুত্ব ক্ষেত্র বিশেষে ঢাকার চেয়েও বেশি। দেশের প্রধান সমুদ্র বন্দর, কাস্টমস ও বাণিজ্যিক কার্যক্রম চট্টগ্রামকে বিশেষায়িত করেছে।
চট্টগ্রাম চেম্বার দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, “এর অংশ হিসেবে আইটি ফেয়ার আয়োজন এ সেক্টরের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।”
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ ও উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য সামনে রেখে আইটি সেক্টরের প্রমোশনের লক্ষ্যে চেম্বার এ মেলার আয়োজন করেছে।
এ মেলার মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবা গ্রহণকারীদের মধ্যে আরো বেশি যোগাযোগ স্থাপনের মাধ্যমে আইটি খাতের সম্প্রসারণ সম্ভব হবে বলে মনে করেন তিনি।
তিনব্যাপী এই মেলা আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে চেম্বার পরিচালক এ কে এম আক্তার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোহাম্মদ হাবিবুল হক, মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মাহবুবুল হক চৌধুরী বাবর, অঞ্জন শেখর দাশ, জাপানের অনারারি কনসাল নুরুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মো. সোলায়মান আলম শেঠ, যায়যায়দিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে আর আহমেদ উপস্থিত ছিলেন।
