এস আলমের টাকা ছিনতাই চেষ্টায় আরও একজন গ্রেপ্তার
চট্টগ্রামে এস আলম গ্রুপের টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাশেদ আহমেদ ওরফে সাজু (২২) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মনির আহমেদের ছেলে।
শনিবার ভোরে শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতয়ালি থানার এসআই ইমদাদ হোসেন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগে থেকে খবর পেয়ে ভোররাতে শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৬ নভেম্বর কোতায়ালি থানার আনসার ক্লাব এলাকায় এস আলম গ্রুপের এক কমর্কর্তার কাছ থেকে টাকা নিয়ে পালানোর সময় জনি নামে এক যুবককে ধরে পুলিশে দেয় স্থানীয় লোকজন।
এসময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া পাঁচ লাখ ৩৫ হাজার টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়।
সাজুর পরিকল্পনায় ছিনতাইয়ে কাজটি করে বলে গ্রেপ্তার জনি জিজ্ঞাসাবাদে জানিয়েছিল।
