২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধনী-গরিব বৈষম্য: মেনন

দেশে উন্নয়নের সাথে সাথে ধনি ও গরিবের মধ্যে বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 10:46 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

শুক্রবার সন্ধ্যায় বন্দর নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত অক্টোবর বিপ্লবের শতবর্ষ বার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, দেশে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে, সরকারকে ধন্যবাদ জানাই। মোবারকবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সব হচ্ছে পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ যাচ্ছে, বলা হচ্ছে ২০১৮ সালের মধ্যে কোনো গ্রাম বিদ্যুৎহীন থাকবে না.... খুব আশার কথা খুব সুন্দর কথা।

“পদ্মা সেতু দৃশ্যমান, মেট্রো রেল দৃশ্যমান। কিন্তু অন্যদিকে আমরা কী দেখছি?...  উন্নয়ন হচ্ছে বৈষম্য বাড়ছে। গ্রাম শহরের বৈষম্য বাড়ছে। মানুষের মধ্যে বৈষম্য বাড়ছে।”

আলোচনা সভার বিশেষ অতিথি ইউজিসি অধ্যাপক অর্থনীতিবিদ ড. মঈনুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে মেনন বলেন, “স্বাধীনতা পরবর্তী এক লাখ ২৫ হাজার মানুষ কোটিপতি হয়েছে।কিন্তু তিন কোটি লোক দারিদ্রসীমার নিচে বাস করে। দারিদ্রসীমার হার কমলেও তিন কোটি লোক দারিদ্রসীমার নিচে বাস করে।”

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট হয়ে যায়। দশ টাকা দুর্নীতির জন্য কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়, কেরানিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বেসিক ব্যাংকের হাজার কোটি টাকা লুট হওয়ার পরও ব্যাংকের চেয়ারম্যান বাচ্চু সাহেবের নাম দুদকের তালিকায় নেই।

শ্রমিকদের মজুরি কমিশন গঠনের দাবি তুলে বিমানমন্ত্রী মেনন বলেন, “সমাজতান্ত্রিক আদর্শ আমাদের প্রেরণা দিয়েছে মুক্তিযুদ্ধে। যদিও ছয় দফা ১১ দফা অথবা আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেস্টোতে কোথাও সমাজতন্ত্রের কথা বলা ছিল না।

“কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাস্তবতা ফিরে এসছিল সে বস্তবতায় বাংলাদেশকে সমাজতন্ত্রের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধপরবর্তীকালে আমাদের সংবিধানে সেটি সুস্পষ্টভাবে সংযোজিত হয়েছে।”

“আমাদের বেতন বাড়ল, রাষ্ট্রপতির বেতন বাড়ল, প্রধানমন্ত্রীর বেতন বাড়ল মন্ত্রীদের বেতন বাড়ল, সংসদ সদস্যদের বেতন বাড়ল সরকারি কর্মচারিদের বেতন বাড়ল .. সবার বেতন বাড়লেও শ্রমিকদের মজুরি কাঠামো হয়নি।”

পাটকলের শ্রমিকদের বেকয়া বেতন পরিশোধ নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, “পাটকল শ্রমিকদের নিয়ে কেবিনেটে আলোচনা হলো। আমাদের অর্থমন্ত্রী বলল ওই পাটকল লোকাসানি ওই পাটকলে টাকা দেওয়া যাবে না।

“আমরা বললাম পাটকলের সুদিন ফিরে এসেছে। প্রধানমন্ত্রী একহাজার কোটি দেওয়ার কথা বললেন। ৮০০ কোটি টাকা পাওয়া গেল তার মধ্যে ২৪৭ কোটি টাকা দিয়ে শ্রমিকদের গ্রাচুয়িটি ও পিএফ শোধ করা হবে। আফসোস ২০১৩ সাল পর্যন্ত শ্রমিকদের গ্রাচুয়িটি পিএফ শোধ করা হয় নাই।”

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক ও ইউজিসি অধ্যাপক ড. মঈনুল ইসলাম।

মঈনুল বলেন, “বাংলাদেশ জন্ম হয়েছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। ১৯৭৫ সালে এই চারনীতি পরিত্যাগ করা হয়েছিল। তবে ২০১০ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সমাজতন্ত্র আবার এ রাষ্ট্রে চার নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

রাষ্ট্রীয়ভাবে অক্টোবর বিপ্লব পালন না করায় ক্ষোভ জানিয়ে অর্থনীতিবিদ মঈনুল ইসলাম বলেন, “২০১৭ সালে আমি কী প্রশ্ন করতে পারি না বাংলদেশ কেন অক্টোবর বিপ্লব বার্ষিকী পালন করল না? রাষ্ট্রীয়ভাবে কোথায় কী করা হয়েছে.. এই প্রশ্নের উত্তর আমরা রাষ্ট্রের কাছে চাইতে পারি।”

এর উত্তর জানা আছে মন্তব্য করে তিনি বলেন, “২০১০ সালের সংবিধানে সমাজতন্ত্র ফিরে এলেও আওয়ামী লীগ কিন্তু ওই ৮০ দশকের শেষে তাদের মেনোফেস্টো থেকে সমাজতন্ত্রকে কেটে দিয়ে সেখানে মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করেছে।”  

মুক্তবাজার অর্থনীতির প্রতি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর ‘প্রীতি’ আছে মন্তব্য করে তিনি বলেন, সেখানে আমাদের সবচেয়ে দুঃখের বিষয়... সমাজতন্ত্র সংবিধানে ফেরৎ এসেছে। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা লজ্জা পাচ্ছি।

মহাজেট সরকার ক্ষমতায় আসার পর আয় বৈষম্যের সূচক বেড়ে গেছে উল্লেখ করে অধ্যাপক মঈনুল বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে আয় বৈষম্যের যে সূচক তা বেড়ে গেছে। ২০১০ সালের পয়েন্ট ৪৬ থেকে থেকে বেড়ে ২০১৬ সালে তা পয়েন্ট ৮৩ হয়েছে।

মুক্তবাজার অর্থনীতির কারণে এ বৈষম্য বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ বৈষম্য কমানোর জন্য রাষ্ট্রকে হাল ধরতে হবে। এজন্য এটিকে প্রথম অগ্রাধিকার দেয়া না হলে তা কমাতে পারা যাবে না।

এজন্য কৃষি সংষ্কারের দিকে নজর দেয়ার পরামর্শ দেন অধ্যাপক মঈনুল।  

ওয়ার্কার্স পার্টির চট্টগ্রামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাথেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, শরীফ সমশের।