সীতাকুণ্ডে ৫০ হাজার ইয়াবা একজন গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হারুনুর রশিদ (৪৩) লহ্মীপুরের খোসখালী গ্রামের মফিজ উল্ল্যাহর ছেলে।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদর উত্তর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কার্ভাড ভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের হ্যাভেন গার্ডেনের সামনের রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হয়।
“কার্ভাড ভ্যানটিকে থামার সংকেত দিলে সেটি থেকে নেমে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।”
পরে কার্ভাড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি ভ্যানটিও জব্দ করা হয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা মালামাল সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে র্যাব।
