২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে বিব্রত করতে মিথ্যাচার হচ্ছে: মেয়র নাছির

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, গৃহকর নিয়ে তাকে বিব্রত করতে একটি পক্ষ ব্যক্তি ও সংগঠনের ব্যানারে ‘মিথ্যাচার করে বেড়াচ্ছে’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 09:08 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বৃহস্পতিবার নগরীর ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে গৃহকর নিয়ে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

নাছিরের দাবি, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুর আলমের সময় যেভাবে পঞ্চবার্ষিকী পৌরকর পূর্ব মূল্যায়ন করা হয়েছিল, তিনিও একই পন্থায় সব করেছেন।

তবে মহিউদ্দিন ও মনজুর উভয়ই গৃহকর নিয়ে মেয়র নাছিরের পদক্ষেপের বিরোধিতা করছেন।

নাছির বলেন, “১৯৯৪-’৯৫ অর্থবছরে সাবেক মেয়র মহিউদ্দিন ভাই ৫২টি হোল্ডিংয়ের বিপরীতে এসেসমেন্ট মূল্য নির্ধারণ করেছিলেন প্রায় ২০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা, যা মীর নাছির ভাইয়ের আমলে ছিল ৭ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।

“মহিউদ্দিন ভাই আপিল নিষ্পত্তিতে ৫১ শতাংশ কমিয়ে তা ১০ লাখ ২ হাজার ৭২০ টাকায় চূড়ান্ত ভ্যালুয়েশন ধার্য করেন। অথচ উনি বলে বেড়াচ্ছেন, তার আমলে নাকি কোনো ভেল্যুয়েশন বাড়ানো হয়নি।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে বেশ কিছু দিন ধরে ‘করদাতা সুরক্ষা পরিষদ’ ব্যানারে বাড়ির মালিকরা আন্দোলন করে আসছে, যাতে সমর্থন রয়েছে মহিউদ্দিন অনুসারী আওয়ামী লীগ নেতাদের।

নিজের পক্ষে যুক্তি দিয়ে সিটি মেয়র নাছির বলেন, প্রাথমিক পর্যায়ে ১১টি ওয়ার্ডে কর পূনমূল্যায়ন করে পর্যায়ক্রমে তা ৪১টি ওয়ার্ডে সম্পন্ন করেছি।

দেওয়ান বাজার ওয়ার্ডের উদাহরণ দিয়ে তিনি বলেন, “এই দেওয়ান বাজার ওয়ার্ডের উক্ত ৫২টি হোল্ডিংয়ের বিপরীতে এসেসমেন্টে ভ্যালুয়েশন করা হয় ১ কোটি ৮৫ লাখ ১২ হাজার ৫০০ টাকা। আপিল নিষ্পত্তিতে সর্বোচ্চ ৭৫ শতাংশ কমিয়ে ভেল্যুয়েশন চুড়ান্ত ধার্য করা হয়েছে মাত্র ৪৫ লক্ষ ১৯ হাজার ১০০ টাকায়।” 
“তবুও আমাকে বিব্রত করার জন্য ব্যক্তি, সংগঠনের ব্যানারে উনারা মিথ্যাচার করে বেড়াচ্ছেন। এসব জাস্ট উদ্দেশ্যপ্রণোদিত। নগরবাসীকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা,” বলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির।

দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম, নগর আওয়ামী লীগ উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকী, আবু জাফর, মোরশেদ আলম।