বাঁশখালীতে রান্নাঘরে অগ্নিকাণ্ড, ‘ধোঁয়ায়’ নারীর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীর এক বাড়িতে অগ্নিকাণ্ডের সময় ‘ধোঁয়ায় দমবন্ধ হয়ে’ এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত হামিদা আক্তার (২৯) বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকার ১ নম্বর ভাদালিয়া ওয়ার্ডের তৈয়ব উল্লাহর স্ত্রী।
সোমবার গভীর রাতে তৈয়ব উল্লাহর বাড়িতে রান্নাঘরের চুলা থেকে ওই আগুন লাগে বলে জানান বাঁশখালী থানার এসআই উৎপল চক্রবর্তী।
আগুন তৈয়বের পাশের বাড়ির আবদুল মান্নান নামে একজনের ঘরেও ছড়িয়ে পড়েছিল। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।
আগুনে নিহত হামিদার ১২ বছর বয়সী মেয়ে সাইমা আক্তারও আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
